মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় উত্তরা স্পিনিং মিলসের শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
রোববার (১৪ জুন) সকাল ১১টার দিকে শতাধিক শ্রমিক মিলের ভেতরে মিছিল ও সমাবেশ করেন। শ্রমিকদের অভিযোগ, মিল বন্ধ হওয়ার প্রায় ৪-৫ মাস পার হলেও অধিকাংশ শ্রমিক এখনো তাদের বকেয়া টাকা পাননি। ঈদের আগে মাত্র এক হাজার টাকা করে দেওয়া হলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে তারা জানান।
জানা যায়, একসময় লাভজনক ও সুনামধন্য এই মিলটি গত কয়েক বছরে আর্থিক সংকটে পড়ে। উৎপাদিত সুতার ন্যায্য দাম না পাওয়া এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারী অনিশ্চয়তার মধ্যে পড়েন এবং চার মাস আগে মিলটি বন্ধ ঘোষণা করা হয়। তখন কর্তৃপক্ষ ১৮০ দিনের মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দেয়।
তবে শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে অল্প কিছু শ্রমিককে সামান্য টাকা দেওয়া হলেও অধিকাংশই এখনো পাওনা পাননি।
জাতীয় শ্রমিক ফেডারেশন ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি এস এম খালিদ হোসেন বলেন, কর্তৃপক্ষ এখনো শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। কার কত টাকা পাওনা তা স্পষ্ট করা হলে পরিশোধ প্রক্রিয়া সহজ হবে।
সমাবেশে অংশ নেওয়া শ্রমিকরা জানান, চাকরি হারিয়ে তারা চরম মানবিক সংকটে পড়েছেন। অনেকের পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে বলেও তারা দাবি করেন।
এ বিষয়ে উত্তরা স্পিনিং মিলের ব্যবস্থাপক অনিমেষ কুমার বিশ্বাস বলেন, ১৮০ দিনের সময়ের মধ্যে প্রায় ১০০ দিন ইতোমধ্যে অতিক্রম হয়েছে। বাকি সময়ের মধ্যেই শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করা হবে বলে তিনি আশ্বাস দেন।











