খবর বাংলা ডেস্ক :
পুষ্টিগুণে ভরপুর চিয়া সিডকে অনেকেই শুধু ওজন কমানোর উপাদান হিসেবে জানেন। তবে পুষ্টিবিদদের মতে, এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, শরীরের প্রদাহ কমে এবং হজমশক্তি উন্নত হয়।
চিয়া সিড শুধু পানিতে ভিজিয়ে খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর নানা খাবার। তেমনই একটি জনপ্রিয় ডেজার্ট হলো ‘চিয়া সিড কফি পুডিং’।
এই পুডিং তৈরিতে প্রয়োজন চিয়া সিড, দুধ, চিনি, ইনস্ট্যান্ট কফি পাউডার, গরম পানি এবং পছন্দের ফল যেমন কলা, আপেল বা স্ট্রবেরি।
প্রথমে গরম পানির সঙ্গে কফি পাউডার ও চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটি জারে দুধ ও কফির মিশ্রণ একসঙ্গে ঢেলে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর এতে চিয়া সিড যোগ করে ২০ থেকে ৩০ সেকেন্ড নাড়তে হবে, যাতে দানা জমাট না বাঁধে এবং সমানভাবে মিশে যায়।
এরপর মিশ্রণটি ফ্রিজে অন্তত এক ঘণ্টা রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে ঘন পুডিংয়ের মতো টেক্সচার তৈরি হলে ওপরে পছন্দের ফল কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
স্বাস্থ্যকর এই চিয়া সিড কফি পুডিং সকালের নাশতা বা বিকেলের হালকা ডেজার্ট হিসেবে খেতে পারেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











