মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটিবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে চাপা দিলে নাজিম উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাচচামারী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া এলাকায় লৌহজং নদের পাড় থেকে অবৈধভাবে মাটি নিয়ে একটি ড্রাম ট্রাক পাকুল্যা-লাউহাটী সড়ক হয়ে পশ্চিম দিকে যাচ্ছিল। পাচচামারী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি রাস্তার পাশের একটি টিনের ঘরের বেড়া ভেঙে সামনে থাকা আধাপাকা আরেকটি ঘরের দেয়ালে গিয়ে থামে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা নাজিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুল্যা এলাকার পিন্টু ও তুষার নামে দুই ব্যক্তি নদের তীর থেকে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।











