মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার বাগজান ও গোড়াই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের তত্ত্বাবধানে পরিদর্শক মো. সাইফুর রহমান, উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলামের সমন্বয়ে গঠিত দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।
গ্রেপ্তাররা হলেন—গোড়াই ইউনিয়নের মমিননগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে মো. আল-ইমরান আকাশ (৩০), গোড়াই খামারপাড়া গ্রামের মৃত শামসুল করিম বাদশার ছেলে মো. হারুন (৫০), মঈননগর গ্রামের মৃত বানেজ আলীর ছেলে মো. রানা (২৫) এবং ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের মৃত সুশান্ত কুমার রায়ের ছেলে জীবন রায় (৪৯)।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজের পরিচালনায় মোবাইল কোর্ট বসানো হয়। এতে আল-ইমরান আকাশ, হারুন ও রানাকে ছয় মাস করে এবং জীবন রায়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলাজুড়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










