খবরবাংলা ডেস্ক :
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আদেশ দিচ্ছেন না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় আবুল কালাম আযাদের আপিলের বিষয়ে আদেশের সময় পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।
এর আগে গত ৩১ আগস্ট আপিল বিভাগ এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। ওই দিন আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার আবেদন করেন। একই সঙ্গে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ডের সাজা স্থগিত রাখার আবেদনও করা হয়।
পলাতক অবস্থায় থাকা আবুল কালাম আযাদকে ২০১৩ সালের ২১ জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর মধ্যে এটি ছিল প্রথম রায়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











