খবর বাংলা ডেস্ক :
আগামী ১০ মে থেকে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন এবং ঈদুল আজহার উৎসব ভাতার বিল জমা নেওয়া শুরু হবে।
রবিবার (৩ মে) সকালে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।
তিনি জানান, ১০ মে থেকে বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর আর কোনো বিল জমা নেওয়া হবে না।
জানা গেছে, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব অনলাইনে পাঠান। বিল জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর সংশ্লিষ্টদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়।
সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে। এর ফলে বেতন প্রক্রিয়াকরণ এখন আরও সহজ ও স্বচ্ছ হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











