কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু ব্যবসা ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার যমুনা নদীর থানা ঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এ জরিমানার টাকা আদায় করেন।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বাধীন একটি ভ্রাম্যমাণ আদালত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার যমুনা নদীর থানাঘাট এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত সোলাইমান নামের এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা এবং মিরাজ নামের অপর ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন ওই ভ্রাম্যমান আদালত। এছাড়াও বালু পরিবহনের সাথে জড়িত থাকায় তিন শ্রমিককে পৃথকভাবে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তাদের নিয়োগকৃত মালিকরা জরিমানার এ অর্থ পরিশোধ করেন। এছাড়াও অভিযানকালে একটি ভেকুর সিলিন্ডার হেড ভেঙে বালু দিয়ে ইঞ্জিন বিকল করা হয়। একইসঙ্গে একটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসা ও পরিবহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।










