খবরবাংলা ডেস্ক :
জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জরুরি চিকিৎসাসামগ্রীসহ ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং কোস্ট গার্ড সদস্যদের হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে জরুরি পুনরুজ্জীবন প্রশিক্ষণের জন্য ২১টি প্রশিক্ষণ মানবাকৃতি মডেল।
যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, এই সহায়তার ফলে জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী হবে।
বিবৃতিতে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে।
একই সঙ্গে এই সহায়তা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে সক্ষম অংশীদারদের শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











