খবর বাংলা ডেস্ক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তিনি রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, “এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেপ্তার করা প্রয়োজন।”
তিনি আরও অভিযোগ করেন, দুদকের কমিশনার থাকাকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন এবং দুর্নীতির অভিযোগে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন।
সংসদে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “এমন একজন ব্যক্তিকে এখনো রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছে—এটা আমাদের দুর্ভাগ্য।”
এছাড়া তিনি রাজনৈতিক বিভাজন নিরসনের আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ বিভাজন থাকা কাম্য নয় এবং বিভক্তির রাজনীতি থেকে সরে আসতে হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











