খবর বাংলা ডেস্ক :
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ দেশে ফিরেছে। রোববার (৭ জুন) দিবাগত রাত আড়াইটায় মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নিহত দুই প্রবাসীর বাড়িই সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।
বর্তমানে তাদের মরদেহ ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরার পথে রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উপস্থিতিতে বিমানবন্দরে দুই প্রবাসীর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিহতদের দাফন ও কাফনের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী জানান, লেবাননের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি প্রবাসী নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। নিজ গ্রামে জানাজা শেষে শফিকুল ও নাহিদুলের মরদেহ দাফন করা হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











