খবরবাংলা ডেস্ক :
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৫ জুলাই) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ড জানায়, আবেদন যথাযথভাবে সম্পন্ন হওয়ার পরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সময়মতো তা বোর্ডে পাঠাচ্ছে না। এতে শিক্ষার্থী ও আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও বিভ্রান্তির মুখে পড়ছেন।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই আবেদন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদনে আবেদনকারী বা তার অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক। কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠানের নম্বর বা অন্য কারও মোবাইল নম্বর ব্যবহার করা যাবে না।
এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











