খবরবাংলা ডেস্ক :
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রচলিত আইন থাকা সত্ত্বেও একজন পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরত না দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অসম্মান।
তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার দাবি, উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, শেখ হাসিনার দেশত্যাগের দিন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার পেছনে দিল্লির প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে তিনি মনে করেন।










