সখিপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর থানার একটি হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার পৃথক অভিযানে তাদের আটক করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল। গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল মিয়া (৩৭), মর্জিনা বেগম (৩২) ও মোহাম্মদ আলী (৬০)। মঙ্গলবার র্যাবের টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নিহত কোরপান আলী (৭০) একই গ্রামের প্রতিবেশীদের সঙ্গে বসবাস করতেন। গত ২১ জানুয়ারি পারিবারিক বিরোধের এক পর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য নেওয়ার পথে ২৩ জানুয়ারি তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মিজানুর রহমান ২৫ জানুয়ারি সখীপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব। এর ধারাবাহিকতায় সোমবার সকালে টাঙ্গাইল সদর এলাকার ছোট কালিবাড়ি বিশ্বাস বেতকা থেকে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে টাঙ্গাইলের করোটিয়া এলাকা থেকে মর্জিনা বেগম এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চকপাড়া এলাকা থেকে মোহাম্মদ আলীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।











