নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন। তাদের এই ব্যতিক্রমী সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। তাদের বয়স ১২ বছর। তারা উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম এবং ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তারের সন্তান।
তিন ভাইবোন বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট চারজন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত চারজনের তিনজনই এই যমজ ভাইবোন।
তিন সন্তানের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে মা আর্জিনা আক্তার বলেন, ছোটবেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই তারা এ অর্জন করতে পেরেছে। বিদেশে থাকা বাবা নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজ নিতেন এবং উৎসাহ দিতেন। ভবিষ্যতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এটাই তাদের পরিবারের প্রত্যাশা।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, যমজ তিন ভাইবোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তারা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী এবং শৃঙ্খলাপরায়ণ শিক্ষার্থী। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।











