সখিপুর সংবাদ দাতা
হেরোইন পাচারের দায়ে টাঙ্গাইলে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) সকালে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলী (৩৫) সখীপুর উপজেলার কাহারতা রামখাঁ গ্রামের বাসিন্দা। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ মামলায় অপর আসামি হিরু মিয়া ওরফে হায়দার (৫৫)-কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৫ সালের ২২ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে। এ সময় হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরদিন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পরে ২০২৫ সালের ৭ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হোসেন আলী জামিনে মুক্ত থেকে পলাতক ছিলেন। অন্যদিকে, পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হিরু মিয়াকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।











