খবরবাংলা ডেস্ক :
এতদিন শুধু পঞ্চম গ্রেডের সরকারি কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও এখন থেকে সব গ্রেডের সরকারি কর্মচারী এই সুবিধার আওতায় আসছেন। ইন্টারনেট ব্যবহার ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে মোবাইল ভাতার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতা পাবেন বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদিন শুধুমাত্র পঞ্চম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতা প্রযোজ্য ছিল। নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী এখন সব গ্রেডের কর্মচারীকে এ ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন বেতন স্কেল আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বেতন স্কেল বাস্তবায়নে সরকারের আর্থিক ব্যয় এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের নতুন এই বেতন কাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী সুবিধা পাবেন। পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর সুফল পাবেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











