খবরবাংলা ডেস্ক :
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার ফারদিন এহসান হৃদয় ও ইয়াছিন, হবিগঞ্জের সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার ও রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম।
স্থানীয়দের ভাষ্য, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে পর্যটকরা সাজেকের উদ্দেশে যাচ্ছিলেন। বাঘাইহাট বাজার এলাকায় যানজটে আটকা পড়ার পর গাড়ির ভেতর থেকে কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাজনৈতিক ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি যাচাই করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











