খবর বাংলা ডেস্ক :
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর আলম (৫৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাত পৌনে ১০টার দিকে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সিআর ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) তাকে আদালতে হাজির করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নুর আলম আত্মগোপনে ছিলেন। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর মাঝে মধ্যে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল।
অভিযোগ রয়েছে, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দীর্ঘদিন এলাকায় প্রভাব বিস্তার করেন। তার বিরুদ্ধে সরকারি সম্পদ বিক্রি, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, চেয়ারম্যান থাকাকালে তিনি সরকারি রাস্তার গাছ বিক্রি এবং নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া মিথ্যা মামলায় হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টাসহ কোতোয়ালী ও তাজহাট থানার একাধিক মামলায় তিনি আসামি।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











