খবর বাংলা ডেস্ক :
সিলেট বিভাগে হাম ও রুবেলা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, সিলেট সূত্রে জানা গেছে, একই সময়ে হাম সন্দেহে আরও ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে একজনের হাম শনাক্ত হয়েছে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ বছর বয়সী এবং সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক রোগে ১৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত মোট ১২৮ জনের ল্যাব কনফার্ম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৬৪ জন, সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ৮ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত)।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২০০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এ ৮৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান জোরদার ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











