খবরবাংলা ডেস্ক :
সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য—‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।
প্রধানমন্ত্রী বলেন, জনবহুল বাংলাদেশের মানুষের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপনের উপযোগী নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সহজ নয়। দ্রুত নগরায়ণের কারণে শহরগুলোতে স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি মানুষ বসবাস করছে। ফলে নিরাপদ আবাসন ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
তিনি বলেন, টেকসই ও পরিকল্পিত আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে। সবার জন্য মৌলিক নাগরিক সেবা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নগর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু নির্দিষ্ট কয়েকটি শহর বা এলাকার উন্নয়ন নয়; বরং বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে দেশের সব মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। শহরের ওপর মানুষের অতিরিক্ত চাপ কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন ও আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি করলেও সবার জন্য দ্রুত নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। তবে সরকারের একার পক্ষে সবার আবাসন নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।
এ সময় ব্লকভিত্তিক আবাসন প্রকল্প, পর্যাপ্ত খেলার মাঠ এবং নির্ধারিত এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। পরিকল্পিত নগরায়ণের সঙ্গে আবাসন, যোগাযোগ, নাগরিক সুবিধা ও পরিবেশের মধ্যে সমন্বয় রাখার ওপরও জোর দেন তিনি।
এর আগে বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তিন দিনব্যাপী আবাসন মেলারও আয়োজন করেছে। পাশাপাশি সীমিত আয়ের মানুষের আবাসন, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন ব্যবস্থা নিয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।











