২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা থাকবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ২৫ ও ২৬ সেপ্টেম্বর হজের অর্থ গ্রহণকারী সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রাহক শাখায় উপস্থিত থাকবেন, ততক্ষণ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের অর্থ গ্রহণ করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম ২৭ জুলাই শুরু হয় এবং নির্ধারিত শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। সাপ্তাহিক ছুটির কারণে নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতেই ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংক খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











