খবর বাংলা ডেস্ক :
রাজধানীর হাজারীবাগে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধের মাহাদিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চালকের নাম মনির মান্না (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায়।
হাসপাতালে নিয়ে আসা আহতের প্রতিবেশী সাগর জানান, মনির অটোরিকশা নিয়ে যাওয়ার সময় মাহাদিনগর এলাকায় পৌঁছালে রাব্বিসহ ৩ থেকে ৪ জন তার পথরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন, গলার চেইন এবং অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মনির মান্না হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠ ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











