খবরবাংলা ডেস্ক :
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে একই পেঁয়াজের দাম ছিল ৩৫ টাকা।
রোববার (২৭ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা সরবরাহ কমে যাওয়াকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করলেও বাজারে ঘুরে বেশির ভাগ দোকানেই পেঁয়াজের মজুত দেখা গেছে।
মোকামে দাম বাড়ার দাবি ব্যবসায়ীদের হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা নুরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে কৃষকেরা বাজারে তুলনামূলক কম পেঁয়াজ আনছেন। এতে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় মোকামে পেঁয়াজের দাম বেড়েছে।
তিনি জানান, গত সপ্তাহে মোকামে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১ হাজার ৮০০ টাকা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয়ও বেড়েছে বলে দাবি করেন তিনি।
নুরুল ইসলামের ভাষ্য, মোকাম থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকেরা বাজারে বেশি পেঁয়াজ নিয়ে আসবেন এবং তখন সরবরাহ বাড়ার সঙ্গে দামও কমে আসতে পারে বলে তিনি আশা করছেন।
বাড়তি দামে বিপাকে নিম্নআয়ের মানুষ পেঁয়াজের দাম বাড়ায় বাড়তি খরচের চাপ পড়েছে নিম্নআয়ের মানুষের ওপর। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম এক সপ্তাহে ১০ টাকা বেড়ে যাওয়ায় দৈনন্দিন বাজারের হিসাব সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।
তাদের মতে, চাল, ডাল, তেল, সবজি ও অন্যান্য পণ্যের সঙ্গে পেঁয়াজও নিয়মিত রান্নার কাজে প্রয়োজন হয়। ফলে অল্প সময়ের ব্যবধানে দাম বাড়ায় সংসারের ব্যয় আরও বেড়ে যাচ্ছে।
বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, জেলার বিভিন্ন হাটবাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
তিনি জানান, ব্যবসায়ীরা কোন দামে পণ্য কিনছেন, তা ক্রয় রসিদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। একই সঙ্গে পণ্যের বিক্রয়মূল্যও পর্যবেক্ষণ করা হচ্ছে।
কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন বা কৃত্রিম সংকট তৈরি করছেন—এমন প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী আর্থিক জরিমানা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাজার সংশ্লিষ্টদের মতে, আবহাওয়া ও সরবরাহ পরিস্থিতির ওপর পেঁয়াজের দামের ওঠানামা অনেকটাই নির্ভর করছে। আগামী দিনে বাজারে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










