খবর বাংলা ডেস্ক :
দেশজুড়ে হামের প্রকোপ বেড়ে আতঙ্ক এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছেন। রাজধানীসহ দেশের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশু হামের উপসর্গে প্রাণ হারিয়েছে।
রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে ভয়ের পরিবেশ বিরাজ করছে। সরকার গত ২৯ মার্চ থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের ভ্যাকসিন পাবেন।
চিকিৎসকেরা জানান, সময়মত টিকা না পাওয়ায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেশি। ভ্যাকসিন প্রাপ্তির ৩-৪ সপ্তাহের মধ্যে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, ফলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়। শিশু বিশেষজ্ঞরা বলেন, জন্মের পর শিশুদের টিকা সময়মতো না দিলে হামের সঙ্গে নিউমোনিয়াসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ শিশু ও কক্সবাজার জেলায় ২ শিশু হামের উপসর্গে মারা গেছে। ঢাকাসহ দেশের ৮ বিভাগে হামের উপসর্গ নিয়ে ৯৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে নমুনা পরীক্ষায় ৪২ জনের হাম নিশ্চিত হয়েছে।











