খবরবাংলা ডেস্ক :
আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ উপলক্ষে সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। শনিবার (১৫ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। সে অনুযায়ী ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট সরকারি সাধারণ ছুটি থাকায় সরকারি চাকরিজীবীসহ অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও ছুটি ভোগ করবেন। পরদিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস-আদালত খুলবে।
তবে কেউ ২৭ আগস্ট ব্যক্তিগত ছুটি নিতে পারলে ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হতে পারে।
এদিকে জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য এই ছুটি প্রযোজ্য হবে না। স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবায় নিয়োজিতদের ডিউটি রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











