খবর বাংলা ডেস্ক :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শনিবার (১৭ জানুয়ারি) পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক এবং এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সঞ্চিতা ইসলাম এই নোটিশ জারি করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নোটিশ অনুযায়ী, হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লিখন সরকার’ নামের আইডিসহ একাধিক আইডি থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে স্লোগানসহ স্থিরচিত্র ও ভিডিও প্রচার করা হচ্ছে। এসব কার্যক্রম নির্বাচনী অনুসন্ধানী কমিটির নজরে এসেছে।
কমিটির মতে, নির্বাচনের প্রার্থী হিসেবে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নোটিশে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানোর সুযোগ নেই। ফলে এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
এ কারণে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলামের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











