খবর বাংলা ডেস্ক :
ইয়ং টাইগার্স (অনূর্ধ্ব-১৬) জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে টাঙ্গাইল জেলা (অনূর্ধ্ব-১৬) ক্রিকেট দল। ১৭৪ রানের বড় ব্যবধানে জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল দলটি।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাঙ্গাইল জেলা দল ১৭৪ রানের বিশাল ব্যবধানে নেত্রকোনা জেলা (অনূর্ধ্ব-১৬) ক্রিকেট দলকে পরাজিত করে।
ম্যাচে টস জিতে টাঙ্গাইল জেলা দল প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে। দলের অধিনায়ক নাহিয়ান ৭৪ বল মোকাবিলা করে ৫টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এছাড়া তানজিদ ৬৫ রান, সিয়াম খান অপরাজিত ৫৬ রান এবং ঈশান ২৯ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে নেত্রকোনা জেলা (অনূর্ধ্ব-১৬) ক্রিকেট দল মাত্র ২৯.৫ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায়। ফলে টাঙ্গাইল জেলা দল ১৭৪ রানের বড় জয় নিশ্চিত করে।
বোলিংয়ে টাঙ্গাইল দলের লেগ স্পিনার নাফিউল ও সিয়াম খান ৩টি করে উইকেট নেন। এছাড়া তানজিদ ও শিশির ২টি করে উইকেট শিকার করেন।
আগামী সোমবার (১৯ জানুয়ারি) টাঙ্গাইল জেলা দল জামালপুর জেলার বিপক্ষে ফিরতি ম্যাচে অংশ নেবে। এরপর বুধবার (২১ জানুয়ারি) নেত্রকোনা জেলার মুখোমুখি হবে দলটি।











