কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ষষ্ঠ শ্রেণির নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। তিনি শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে ও মশাল প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমীর হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও দাতা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য লুৎফর রহমান লেলিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।











