টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি টাঙ্গাইল জেলা শাখার পরিচিতি সভাও আয়োজন করা হয়।
জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আবু আহমেদ শেরশাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ইসরাত জাহান রুমি, ২০২৪ সালের জুলাই আন্দোলনে দেলদুয়ার উপজেলার শহীদ আশরাফুল্লাহ আবিরের বড় বোন সুমি আক্তার, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুমাইয়া আক্তার ইতি, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক নাজমুল মিয়া, সদস্য নাসির উদ্দীন, সনেট মিয়া, শিকদার আলহাজ্ব ও রাতুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কর্মসূচির পাশাপাশি দেশের প্রয়োজনীয় রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে জনসচেতনতা তৈরি করা জরুরি। এ সময় তারা উপস্থিত জনগণকে আসন্ন গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবু আহমেদ শেরশাহ বলেন, জাতীয় ছাত্রশক্তিকে টাঙ্গাইল জেলায় একটি শক্তিশালী, আদর্শিক ও জনবান্ধব ছাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ভবিষ্যতেও সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব পালনে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।











