ঘাটাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে হামিদপুর এলাকায় একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মূল সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শফিউর রহমান সুজন (৪০) এবং ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।
ওসি মো. মোকছেদুর রহমান জানান, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।











