টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার ব্যবহার করা হয়েছে। জেলার ১,০৬৩টি ভোটকেন্দ্রে মোট ২,৩৬০টি ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ভোটারদের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস জানায়, মোট ভোটার সংখ্যা ৩৩,৩৪,৪২৭ জন। ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ নিশ্চিত করতে ৬,৩৪১টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৯০৩টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ক্যামেরার ফুটেজ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। কোনো কেন্দ্রে গোলযোগ, ভোট কারচুপি বা অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষভাবে প্রতিটি বুথ ও প্রবেশপথে ক্যামেরা বসানো হয়েছে।
স্থানীয় ভোটাররা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সিসি ক্যামেরা থাকায় কেন্দ্র দখল ও জাল ভোটের সম্ভাবনা কমে যাবে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা বলছেন, প্রযুক্তির এই ব্যবহার নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টাঙ্গাইল রিটার্নিং অফিসার শরীফা হক জানিয়েছেন, ক্যামেরার মাধ্যমে কেন্দ্রে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনে ভোট গ্রহণ স্থগিতের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই ব্যবস্থাপনা ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবে।











