খবর বাংলা ডেস্ক :
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে ঢাকা–আগরতলা–কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার দুপুরে রাজধানীর কমলাপুর বাস ডিপো থেকে ‘রয়্যাল মৈত্রী’ পরিবহনের একটি বাস পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে ত্রিপুরার আগরতলায় পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন সার্ভিসটির কর্মকর্তা প্রশান্ত শীল।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং দীর্ঘদিনের ভিসা জটিলতার কারণে রুটটি বন্ধ ছিল। সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রেক্ষাপটে এই সার্ভিস পুনরায় চালু হওয়া দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সপ্তাহে তিন দিন নিয়মিত সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। জানানো হয়েছে, ঢাকা থেকে আগরতলার বাস ছাড়বে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার। আগরতলা থেকে বাস ছাড়বে রবি, বুধ ও শুক্রবার। এছাড়া কমলাপুর থেকে কলকাতার উদ্দেশে বাস চলবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার।
এই সার্ভিস চালু হওয়ায় উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের ভোগান্তি কমবে। সাধারণত আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় যেতে প্রায় ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে ঢাকা হয়ে সরাসরি বাসে দূরত্ব কমে প্রায় ৫০০ কিলোমিটারে নেমে আসে, ফলে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই বাস পরিষেবা ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সহযোগিতা ও বন্ধুত্বের প্রতীক। তার মতে, এটি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পর্যটন সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্য জোরদারে সহায়ক হবে।











