টাঙ্গাইল সদর সংবাদ দাতা
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। মানুষের ভোটের কালি শুকানোর আগেই ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড–এর বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের রাজ গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের প্রতিশ্রুতির অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পাশাপাশি কৃষকদের স্বার্থে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন।
তিনি বলেন, দেশে নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বড় কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় সারা দেশে ২০ হাজার কিলোমিটারের বেশি নদী ও খাল খনন করা হবে। দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু হয়েছে। টাঙ্গাইলেও রাজখাল খননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন হলো।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে টাঙ্গাইল জেলার ভরাট ও মৃতপ্রায় খালগুলো খনন করা হবে, এতে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও মৎস্য খাত উপকৃত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।











