টাঙ্গাইল সদর সংবাদ দাতা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’। শনিবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে শহরের আশেকপুর বাইপাস এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিম খাঁ সরকারি কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল এবং শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর উপদেষ্টা দিলআরা বেগম মিনা, সেবক সংস্থার নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, সংগঠনের পরিচালক শারমিন আলম, নাদিয়া ইসলাম ও জান্নাতুল ফেরদৌস জলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।
কর্মসূচির অংশ হিসেবে আশেকপুর বাইপাস সংলগ্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। এতে সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশকর্মী এবং তরুণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।











