খবর বাংলা ডেস্ক :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
মো. আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর তিনি কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ৪ এপিবিএন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলা। এছাড়া পিবিআই সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমেও দায়িত্ব পালন করেছেন তিনি।
পদোন্নতির ধারাবাহিকতায় তিনি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তার অভিজ্ঞতা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি।
পেশাগত দক্ষতা ও সেবার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ পদকে ভূষিত হন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিয়েছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











