কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ১৭ বছর বয়সী কিশোর নাইম শেখকে কুপিয়ে হত্যা করার ঘটনায় মূল দুই আসামিকে র্যাব গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ শরিফুল ইসলাম (৩২) এবং শামীম হোসেন (৩৩), উভয়ের বাড়ি একই উপজেলার রামদেবপুরে।
রোববার (২৯ মার্চ) বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় সখীপুর ও টাঙ্গাইল সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত নাইম শেখের (১৭) এবং গ্রেফতারকৃতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২৫ মার্চ সকালে শিমুল বাজারে যাওয়ার পথে মোঃ শরিফুল ইসলাম ও শামীম হোসেন দেশীয় অস্ত্র দিয়ে কিশোরকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরের পিতা ওসমানি আলী শেখ (৪৪) ২৬ মার্চ কালিহাতি থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১৪, সিপিসি-৩ পলাতক আসামিদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালায়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় জনগণ র্যাবের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা করা হচ্ছে, শীঘ্রই মামলার বিচার সম্পন্ন হবে।











