খবর বাংলা ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অবস্থিত মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহাসিক নিদর্শন ‘মুসা খাঁ মসজিদ’ সংস্কার ও সংরক্ষণে প্রায় তিন কোটি টাকার অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ‘অ্যাম্বাসাডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ (এএফসিপি) প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এ বছরের এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৯ সালের মার্চ পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ লাখ ২৫ হাজার ৩০০ মার্কিন ডলার।
প্রকল্পের মূল লক্ষ্য হলো মুঘল আমলের এই সুউচ্চ প্ল্যাটফর্মের মসজিদের আদি নকশা ও নির্মাণ উপকরণের সঠিকতা বজায় রেখে সংস্কার করা। পাশাপাশি একটি ফটোরিয়ালিস্টিক থ্রি-ডি মডেল তৈরি, স্থাপত্যবিষয়ক নথিপত্র সংরক্ষণ এবং কাঠামোগত শক্তি বিশ্লেষণের কাজও করা হবে। কার্জন হল সংলগ্ন এই এলাকায় পর্যটন কার্যক্রম উন্নয়নও প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
মঙ্গলবার (৩১ মার্চ) কার্জন হল এলাকায় মসজিদের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ঢাবির উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, ১৭ শতকের এই ঐতিহাসিক মসজিদের সংস্কার উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান এবং এটিকে দুই দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, গত দুই দশক ধরে এই ফান্ডের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র কাজ করছে। এটি তাদের ১৩তম প্রকল্প। তিনি জানান, এ প্রকল্পে অর্থ সহায়তার পাশাপাশি কারিগরি বিশেষজ্ঞ দলও যুক্ত থাকবে, যা স্থানীয় প্রত্নতাত্ত্বিক ও সংস্কারকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।











