কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের টেকনিশিয়ান শাহ ইমরানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। পরে অফিস সহায়কের মাধ্যমে জানা যায়, তিনি সহকারী প্রোগ্রামার রাইসুল হাসানকে অবহিত করে এক দিনের ছুটিতে রয়েছেন।
তবে এ বিষয়ে নিশ্চিত হতে সহকারী প্রোগ্রামার রাইসুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে ঢাকায় একটি প্রশিক্ষণে রয়েছেন এবং শাহ ইমরান কোনো ধরনের ছুটি নেননি। এমনকি তাকে কোনো ছুটিও দেওয়া হয়নি। তার ধারণা ছিল, শাহ ইমরান অফিসেই কর্মরত আছেন।
পরে শাহ ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের অবস্থান সম্পর্কে অসংলগ্ন ও পরস্পরবিরোধী তথ্য দেন। একপর্যায়ে তিনি দাবি করেন, তিনিও ঢাকায় প্রশিক্ষণে রয়েছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তার নামে কোনো দাপ্তরিক প্রশিক্ষণ বা অনুমোদন নেই। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করেছেন এবং ছুটির বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, যা দাপ্তরিক শৃঙ্খলার পরিপন্থী।
এ বিষয়ে সহকারী প্রোগ্রামার রাইসুল হাসান বলেন, ঘটনাটি গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হচ্ছে। বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও শাহ ইমরানকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছিল। অভিযোগ রয়েছে, তিনি কালিহাতী পৌরসভার সাতুটিয়া এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে অর্থ দাবি করেছিলেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হলে তিনি ক্ষমা চেয়ে পরিস্থিতি মীমাংসা করেন।











