মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার উদ্যোগে সম্মাননা প্রদান, পরিচয়পত্র বিতরণ, পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সংস্থার কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার সভাপতি সার্জেন্ট (অব.) গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থার উপদেষ্টা এবং উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার।
এ সময় বক্তব্য দেন সংস্থার সহসভাপতি হাজী মোখলেছুর রহমান, মোতালবে হোসেন সিজন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, আদিবাসী নেত্রী সন্ধ্যা সিমসাং এবং সংস্থার তদন্ত সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবাধিকার সংস্থার মূল কাজ।
বক্তারা আরও বলেন, উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মানবাধিকার সংস্থার কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে।
সভা শেষে সংস্থার সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।











