কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চড়ভাবলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চড়ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন আশরাফ আলী (৩২) ও হাসমত আলী (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান পাশের চাকা হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কে কর্মরত শ্রমিকদের ওপর উঠে যায়।
ওই সময় আব্দুল মোনেম লিমিটেডের অধীনে সাব-ঠিকাদারের কাজে কয়েকজন শ্রমিক মহাসড়কে কাজ করছিলেন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।











