খবর বাংলা ডেস্ক :
বগুড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। আটক হওয়া শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বগুড়া জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ ও কেন্দ্র সূত্রে জানা যায়, ওইদিন দুপুর ২টা থেকে বাউবির এসএসসি (দ্বিতীয় বর্ষ) প্রোগ্রামের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হয়। জিলা স্কুল কেন্দ্রের ২০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন। তবে তার পরিবর্তে পরীক্ষায় অংশ নেন তার ভাগ্নি ঈশিতা আক্তার তিশা।
পরীক্ষা চলাকালে কক্ষ পরিদর্শক উত্তরপত্রে স্বাক্ষর করার সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারায় মিল না পেয়ে সন্দেহ করেন। পরে জিজ্ঞাসাবাদে ঈশিতা প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
থানা হেফাজতে থাকা ঈশিতা জানান, নিপা খাতুন তার খালা। আত্মীয়তার সম্পর্কের কারণে তিনি তার হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে বিএনপি নেত্রী নিপা খাতুন বলেন, তিনি পরীক্ষার সময় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিলেন এবং সাময়িকভাবে ভাগ্নিকে কেন্দ্রে বসিয়ে রেখেছিলেন। তার দাবি, তিনি নিজেই পরীক্ষা দিচ্ছিলেন এবং এটি ভুল বোঝাবুঝি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আটক শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











