খবর বাংলা ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো স্থানীয় মুদি দোকানদার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪) এবং ছেলে সিয়াম (৩)।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া একটি পুকুরসদৃশ গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলিফ মো. নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে ছিল। ধারণা করা হচ্ছে, প্রথমে ছোট ছেলে সিয়াম সেখানে পড়ে যায়, পরে তাকে বাঁচাতে গিয়ে বড় বোন সাবিহাও পানিতে ডুবে যায়।
ঘটনার পর বিষয়টি থানাকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোছা. শাপলা বেগম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











