মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুর শালবন এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। দখল, বন উজাড় এবং আনারস ও কলার বাণিজ্যিক চাষাবাদের কারণে একসময় প্রায় ৪৫ হাজার একর বিস্তৃত এই বন কমে এখন প্রায় ১০ হাজার একরে নেমে এসেছে।
এই পরিস্থিতিতে বন রক্ষার দাবিতে মধুপুর উপজেলার শোলাকুড়ি এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। ‘নতুন প্রজন্মের সচেতন নাগরিক’ ব্যানারে শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, মধুপুর শালবন শুধু টাঙ্গাইল নয়, পুরো দেশের একটি গুরুত্বপূর্ণ পরিবেশ ও ঐতিহ্যের অংশ। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই বন আজ ধ্বংসের মুখে। দোখলা রেঞ্জের মাগিচূড়া এলাকাসহ বিভিন্ন স্থানে গাছ কেটে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং বনভূমি দখল করে আনারস ও কলার বাগান গড়ে তোলা হচ্ছে।
এতে শাল-গজারিসহ বিভিন্ন দেশীয় গাছপালা, ভেষজ উদ্ভিদ এবং বানর, হনুমানসহ বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কর্মসূচির সমন্বয়ক জোবায়ের আহসান বলেন, বন রক্ষা এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটবে।
এসময় আরও বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাতুল মুন্সী, শিক্ষক বকুল হোসেন, মোকাদ্দস আলী, সোহেল আরমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক।
অন্যদিকে বন বিভাগ জানিয়েছে, মধুপুর শালবনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশীয় প্রজাতির গাছ রোপণের পাশাপাশি সম্প্রতি বনে ময়ূর ও কচ্ছপ অবমুক্ত করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বন পুনরুদ্ধার সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।











