মধুপুর সংবাদ দাতা
জনগণের স্বাস্থ্যসেবা সহজ ও কার্যকর করতে ভবিষ্যতে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য-প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে এবং চিকিৎসা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা ভবিষ্যতে বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্যাস সংকট নিরসনে পারমাণবিক শক্তিকে একটি কার্যকর বিকল্প হিসেবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, চাঁদাবাজ, দখলবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় শ্রমিকদের অধিকার ও ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যমে শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। শ্রমিকদের যথাযথ সম্মান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
সফরকালে মন্ত্রী আউশনারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, অরণখোলা ইউনিয়নে ফ্রি স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন, ধনবাড়ী উপজেলার ভাইঘাটে একটি মাদ্রাসা ও এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











