দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ফাঁকা মাঠের মধ্যে নতুন কবরস্থানের পাশে ওই নারীর (প্রায় ৩০ বছর বয়সী) মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসীর প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। মরদেহের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজাহার ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।











