মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশিনগর দিঘিবাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমেনা খাতুন বংশিনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত প্রায় ১০ বছরের মধ্যে আমেনা খাতুনের দুই ছেলে অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এর আগে একাধিকবার তিনি কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। সর্বশেষ গত ২৫ এপ্রিল তিনি নিখোঁজ হন।
বুধবার বিকেলে স্থানীয়রা দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।











