টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের করটিয়ায় জমিদার পরিবারের জমি দখলের পাঁয়তারা চলছে—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের প্রতিনিধি মোর্শেদ আলী খান টিপু পন্নী। সোমবার (১১ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়াম কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, করটিয়া ইউনিয়নের বীরনাহালী গ্রামে তার বাবার নামে সাড়ে ১১ একর জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। আদালতের মাধ্যমে জমির মালিকানা ও দখল বুঝে পাওয়ার পর সেখানে একটি কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোর্শেদ আলী খান টিপু পন্নী বলেন, বীরনাহালীর ওই জমিতে সবুজ শাকসবজি উৎপাদন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনাও রয়েছে বলে তিনি দাবি করেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকাবাসীকেই অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ঢাকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করা হয় এবং জমি প্রস্তুতের কাজে একটি ভেকু (এক্সকাভেটর) আনা হয়। তবে জমিতে থাকা কিছু গাছ সরানোর সময় ভেকুর ওপর হামলা, কাচ ভাঙচুর ও ব্যাটারি নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে কিছু অনলাইন কনটেন্ট নির্মাতা ও স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে একপাক্ষিক তথ্য প্রচারের অভিযোগও করেন মোর্শেদ আলী খান টিপু পন্নী। তিনি দাবি করেন, প্রকৃত মালিকের বক্তব্য না নিয়েই বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, তার ব্যবহারের জন্য নির্মিত একটি ঘর ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি নদীভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়ার বিষয়েও কথা বলেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।











