খবর বাংলা ডেস্ক :
নতুন মৌসুমকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা শুরু করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনার মধ্যেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর ওপর নজর রেখেছে কাতালান ক্লাবটি।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ট্রিবুনার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো সম্ভাব্য গ্রীষ্মকালীন দলবদল নিয়ে আলোচনা করতে জোয়াও পেদ্রোর এজেন্টদের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনে গেছেন।
তরুণ, গতিময় এবং বহুমুখী আক্রমণভাগের খেলোয়াড় খোঁজার লক্ষ্যেই পেদ্রোকে শর্টলিস্ট করেছে বার্সেলোনা। এর আগে অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের নামও ক্লাবের ট্রান্সফার তালিকায় ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এদিকে নতুন কোচ হ্যান্সি ফ্লিকও আক্রমণভাগে নতুন বিকল্প চান, যাতে স্কোয়াডে গভীরতা বাড়ে এবং পুরো মৌসুমজুড়ে দলটি ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারে।
উল্লেখ্য, গত বছর ক্লাব বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাব ব্রাইটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেন জোয়াও পেদ্রো। যোগ দেওয়ার পর থেকেই তিনি নজর কাড়েন।
বর্তমান মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমে তিনি ২৬ গোল এবং ৬ অ্যাসিস্ট করেছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











