ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাকের কাছ থেকে জোরপূর্বক বিদ্যালয়ের চাবি নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি তার চাকরি জীবনের শেষ কর্মদিবসে ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী বিনয় কৃষ্ণ বসাক গত রোববার (৩১ মে) বিদ্যালয়ে গেলে কয়েকজন শিক্ষক তার কাছে দায়িত্ব ও চাবি হস্তান্তরের দাবি জানান। এ সময় তিনি এক রাত সময় চেয়ে পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের ইচ্ছা প্রকাশ করেন।
তবে অভিযোগ রয়েছে, ধর্মীয় শিক্ষক শহীদুল ইসলাম, সুবাস পাল, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলামসহ কয়েকজন শিক্ষক তার সেই অনুরোধ না মেনে চাবি নিয়ে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মহল ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদ্যালয়ে ছুটি চলমান রয়েছে। গত ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হবে ৪ জুন। এরপর সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন বিদ্যালয় খুলবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক বলেন, “শেষ সময়ে এমন পরিস্থিতির মুখোমুখি হবো ভাবিনি। আমি শুধু সকাল পর্যন্ত সময় চেয়েছিলাম, যাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করতে পারি। কিন্তু সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয় বন্ধ থাকায় এবং দায়িত্ব হস্তান্তরের জন্য মাত্র একটি রাত সময় চাওয়াটা অস্বাভাবিক ছিল না। প্রশাসনের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর হলে বিষয়টি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতো।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের দায়িত্ব হস্তান্তর ও বিধি অনুযায়ী যোগ্য শিক্ষককে দায়িত্ব দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।”
স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবি জানিয়েছেন।











