নিজস্ব প্রতিবেদক :
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও হাইভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এই আয়োজনে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে তিনি পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন জনপ্রিয় লাতিন তারকা জে বালভিন এবং কিংবদন্তি পপ ব্যান্ড মানা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনেকটাই মনে করিয়ে দিচ্ছে ২০১০ সালের আসরের কথা। সেবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখা হচ্ছে দুই দলের, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।
স্বাগতিক মেক্সিকো এবারের আসরে শক্তিশালী রক্ষণভাগ নিয়ে মাঠে নামছে। অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে গড়া দলটি নিজেদের শেষ আট ম্যাচের মধ্যে ছয়টিতে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা কাউন্টার অ্যাটাকনির্ভর ফুটবলের জন্য পরিচিত। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। ফলে উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।
তবে বিশ্বকাপের উদ্বোধনী উৎসব শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। পরদিন বাংলাদেশ সময় একই সময়ে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন কানাডিয়ান সংগীত তারকা মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
এরপর শনিবার (১৩ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। হলিউড ধাঁচের এই বিশেষ অনুষ্ঠানে দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।
ফুটবল, সংগীত এবং বিশ্বজুড়ে কোটি দর্শকের উন্মাদনায় এবারও নতুন এক ইতিহাসের সূচনা করতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।











